দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহার জংশনের নিকটবর্তী ছাতনীগ্রামের বাগবাড়ি এলাকায় সংঘটিত নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা অতিক্রম করলেও ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় লাইনচ্যুত হওয়া ৯টি বগির মধ্যে ইতোমধ্যে ৭টি বগি সরিয়ে ফেলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন গার্ডার স্থাপন করে তার ওপর রেললাইন বসানোর কাজ চলছে। দুপুর নাগাদ সম্পূর্ণ কাজ শেষ হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম জানান, “দ্রুততার সঙ্গে উদ্ধার ও মেরামত কাজ চলছে। দুপুর ১২টার মধ্যে রেললাইন সচল করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, সান্তাহার স্টেশনে নেমে যাত্রীরা প্রায় এক কিলোমিটার পথ হেঁটে বা ভ্যান, অটোরিকশা ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে করে জয়পুরহাট অংশের ছাতিয়ান গ্রাম স্টেশনে যাচ্ছেন। সেখান থেকে তারা বিকল্প ট্রেনে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।
যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। এসব ট্রেন উত্তরাঞ্চলগামী যাত্রীদের সান্তাহার অংশে নামিয়ে দিচ্ছে। এরপর যাত্রীরা হেঁটে বা অন্য যানবাহনে করে বিকল্প স্টেশন থেকে যাত্রা অব্যাহত রাখছেন। তবে এ ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
অনেক যাত্রী জানান, দুর্ঘটনার পর পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। কেউ কেউ বাধ্য হয়ে বাসসহ অন্যান্য পরিবহন ব্যবহার করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দ্রুত মেরামত কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার অপেক্ষায় রয়েছেন ভোগান্তিতে পড়া হাজারো যাত্রী।
আরএ