দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহার জংশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটার দিকে সান্তাহার জংশনের নিকটবর্তী ছাতনীগ্রামের বাগবাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে আহত হন। স্থানীয়দের মতে, আহতের সংখ্যা শতাধিক।
দুর্ঘটনার সময় ট্রেনের ভেতরে ও ছাদে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই উত্তরবঙ্গের নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।
সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, দুর্ঘটনাস্থলের রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। ওই ত্রুটিপূর্ণ লাইনে চলাচলের সময়ই ট্রেনটি লাইনচ্যুত হয়।
এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার স্টেশন ম্যানেজার খাদিজা খানম।
সান্তাহার জংশনের এই দুর্ঘটনা শুধু তাৎক্ষণিক প্রাণহানি ও আহতের ঘটনা নয়, বরং ঈদযাত্রার সময় উত্তরাঞ্চলের লাখো মানুষের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। রেললাইনের ত্রুটি ও দায়িত্বে অবহেলার অভিযোগ সামনে আসায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আরএ