দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের বাসিন্দা ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখ (৩৩) কে গ্রেপ্তারের জন্য এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়।
এ সময় কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে দা দিয়ে আঘাত করলে তার ডান হাত গুরুতর জখম হয়। হামলার সুযোগে নাদীম শেখ ও সাগর শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই