দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে এক কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার পাগলা থানার খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম ইমন (১৭) হোসেনপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া মীরপাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই খুরশিদ মহল সেতুর নিচে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। এ সময় এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হলে সেখানে ভিড় জমে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভৈরব নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ভৈরব নৌ-পুলিশকে অবহিত করেন। পরে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার পর থেকে ইমন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে নদীতে মরদেহের সন্ধান মেলে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ও মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড এবং হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, মরদেহটি উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
/অ