দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক রোগে আক্রান্ত প্রায় ৩০ হাজার রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম।
সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এনসিডি কর্নারের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ও পরামর্শ দেওয়ার ফলে হৃদরোগজনিত মৃত্যুহার কমাতে ইতিবাচক প্রভাব পড়ছে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ কর্মসূচির কর্মকর্তারা জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে প্রতিবছর বহু মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অন্ধত্বের ঝুঁকিতে পড়ছে। বগুড়ায় বর্তমানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার প্রায় ৬৩ শতাংশ, যা অনেক উন্নত দেশের সমপর্যায়ের।
তবে প্রায় ১৫ শতাংশ রোগী এনসিডি কর্নারে নিয়মিত ফলোআপে আসেন না এবং প্রায় ২১ শতাংশ রোগীর রক্তচাপ এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, বগুড়া সদরসহ জেলার ১১টি উপজেলায় প্রায় ১৪ হাজার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী এবং ১৬ হাজারের বেশি ডায়াবেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, হৃদরোগজনিত মৃত্যুহার কমানো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং লবণ ব্যবহারের হার কমানোর লক্ষ্যে এনসিডি কর্নারের কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে রোগীদের তথ্য সংরক্ষণ ও নিয়মিত মনিটরিং কার্যক্রমও চালু রাখা হবে।
এমএস/