দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নগরবাসীকে সিটি করপোরেশনের কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন না করার আহ্বান জানিয়েছেন প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন-এ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রোকনুজ্জামান সরকার বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না। এখানে সবাই নগরবাসীর সেবক।
তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নগরীর যানজট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন করা হবে, যারা ‘সেবক’ লেখা জার্সি পরে কাজ করবে। ওই দলের নেতৃত্বে নিজেও মাঠে থাকবেন বলে জানান তিনি।
নগরীর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, সিটি করপোরেশনে ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও শহর অপরিচ্ছন্ন থাকা কাম্য নয়। কর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।
ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই। সিটি করপোরেশনকে নতুনভাবে গড়ে তুলতে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং ইতিবাচক আশ্বাস পেয়েছেন বলেও জানান।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দাপ্তরিক ফাইলের চেয়ে মাঠ পর্যায়ের কাজে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান রোকনুজ্জামান সরকার। পাশাপাশি নিজের কাজের গঠনমূলক সমালোচনা শোনার জন্য প্রতি মাসে একদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।
এর আগে গত ১৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে মো. রোকনুজ্জামান সরকার-কে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪’ অনুযায়ী জনস্বার্থে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও মো. জাকির হোসেন বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে নগরীর ফুটপাত দখলমুক্ত হবে, জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমবে এবং থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে গতি আসবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
জে আই