দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে ‘ভালো কাজের হোটেল’ নামের একটি সামাজিক সংগঠন। একটি ভালো কাজের বিনিময়ে এখানে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ শতাধিক পথচারী, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে ইফতার করানো হচ্ছে। সংগঠনটির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রমজান মাসের শুরু থেকেই কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চলছে এই কার্যক্রম। প্রতিদিন বিকেলের দিকে নির্ধারিত স্থানে সারি সারি হয়ে বসে পড়েন নারী, পুরুষ ও ছোট ছোট শিশুরা। কারও চোখে অপেক্ষা, কারও মুখে তৃপ্তির হাসি। দিনভর কষ্টের পর একসঙ্গে ইফতার করার আনন্দ যেন তাদের কষ্ট কিছুটা হলেও ভুলিয়ে দেয়। ইফতারের মেন্যুতেও থাকে ভিন্নতা। পরিবেশন করা হয় বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত। রাজধানীভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো কাজের হোটেল’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।
সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, প্রায় ৪ হাজার ১০০ সদস্য প্রতিদিন ১০ টাকা করে জমা দেন। সেই অর্থ এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় কুড়িগ্রামসহ ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন মানবিক উদ্যোগ শুধু অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করছে না, বরং সমাজে ভালো কাজ করার একটি ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিচ্ছে।
ইফতার করতে আসা রহিমা বেগম নামের এক নারী বলেন, আমার স্বামী অসুস্থ, কাজ করতে পারেন না। তাই আমার সংসারে খুব কষ্ট। আজ আমার স্বামীসহ এখানে ইফতার করতে এসেছি। খাওয়ার মানও খুব ভালো। রোজার আগে দিনে আমাদের ভাত খাওয়াতো।
স্বেচ্ছাসেবক নুর আলম রাঙ্গা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা এবং একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সবাই যদি ছোট ছোট ভালো কাজ করে, তাহলে সমাজে বড় পরিবর্তন আসবে।
আরএ