দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের প্রেক্ষিতে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় কর্মরত থাকার কথা ছিল ১৬ জনের। কিন্তু নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। এর মধ্যে আবার দুইজন ডাক্তার নির্ধারিত সময়ের পরে হাসপাতালে আসেন।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা সময়মতো আসেন না এমন অভিযোগ পাওয়ার পরই তিনি সকালে সরেজমিনে পরিদর্শনে আসেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা অত্যন্ত মানবিক পেশায় নিয়োজিত। সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় এবং সেই দায়িত্ব চিকিৎসকদের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। কিন্তু দায়িত্বে অবহেলা গ্রহণযোগ্য নয়। যারা নির্ধারিত সময়ে উপস্থিত হননি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, দেশে জলাতঙ্ক প্রতিরোধে রেবিক্স টিকার সরবরাহ নিশ্চিত করতে সরকার নগদ অর্থে টিকা কিনছে এবং প্রতিটি উপজেলায় তা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে দেশে রেবিক্স টিকার কোনো সংকট থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-মামুন এবং পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ অন্যরা।
জে আই