দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে শহরের একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের জেলা শাখার ব্যানারে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন। এসময় তারা মোমবাতি প্রজ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিতে ফুলের মালা পড়িয়ে রেখেছেন।
এসময় নেতাকর্মীদের স্লোগানে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ৭ মার্চের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আমাদের ধমনিতে মুজিবের রক্ত এই রক্ত কোনোদিনও বৃথা যেতে দেব না, শেখ হাসিনা কথা দিলাম রাজপথ দখলে নিলাম, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই বলতে শোনা যায়।
বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা গতকাল রাত তিনটা পর্যন্ত টহল দিয়েছি। এ ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি এমনকি খবরও পাইনি। হতে পারে পুরাতন ভিডিও এখন ছেড়ে নতুন বলে চালিয়ে দিচ্ছে। তারপরও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।
জে আই