দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারের অভিযোগে গ্রেপ্তারের পর তালাকের দিয়েছেন তার স্ত্রী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার (২ মার্চ) রাতের অভিযানে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকা থেকে দুটি জবাই করা হরিণ, শিকারের ৯টি ফাঁদ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ মো. হানিফাকে (৪৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের নির্দেশে জব্দ করা হরিণ দুটির চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে। মাংসে কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পাথরঘাটা পৌর এলাকায় স্বামীকে তালাকের নোটিশ পাঠান শাহীনুর বেগম (৪০)। তালাকের অনুলিপি পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর ডাকযোগে পাঠানো হয়েছে।
তালাকের বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুস সালাম শরীফ বলেন, ‘হানিফা আগে ছোট ট্রলারে মাছ ধরতেন। কবে থেকে তিনি হরিণ শিকারে জড়িয়ে পড়েছেন তা জানা নেই। তবে হরিণ ও ফাঁদসহ গ্রেপ্তারের পরই স্ত্রী তাকে তালাক দিয়েছেন।’
শাহীনুরের ছোট ভাই জহিরুল ইসলাম বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ে মালি হিসেবে কর্মরত। তিনি জানান, দীর্ঘদিন ধরেই হানিফাকে হরিণ শিকার থেকে সরে আসতে বলা হচ্ছিল। কিন্তু তিনি কথা শোনেননি। এতে পরিবারকেও বিব্রত হতে হয়েছে। শেষ পর্যন্ত হরিণসহ ধরা পড়ার পর তার বোন তালাকের সিদ্ধান্ত নেন।
মো. হানিফা পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
/অ