দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
আবেদনকারী মাহফুজুর রহমান বর্ষণ উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে ‘বর্ষণ ইলেকট্রনিক্স’ নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
লিখিত আবেদনে মাহফুজুর রহমান বর্ষণ উল্লেখ করেন, থানার নিকটে ব্যাবসা প্রতিষ্ঠানের কারণে বর্তমান ওসি মোতালেব হোসেন এর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের গত জানুয়ারি মাসের ১ তারিখে ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। পরে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে ‘HP Core i7 12th Gen’ মডেলের একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে কিনে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বর্ষণ।
আবেদনে বর্ষণ বলেন, বর্তমানে তার ব্যাবসা পরিচালনা ও বাড়ির বাইরে চলাফেরা অনিরাপদ হয়ে পড়েছে। তিনি ওসির বদলি ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, তিনি সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের চেষ্টা করছেন এবং এলাকাবাসী বিষয়টি জানেন। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায় হওয়ায় এটি রাজনের চক্রান্ত হতে পারে বলে তিনি দাবি করেন। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলেও জানান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
জে আই