দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে রাকিবুল হাসান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত স্ত্রী আলমিনা আক্তার শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেফতার করা হয়।
রাকিবুল হাসান সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামের দেলোয়ার হোসেন ওরফে ময়ফুল মিয়ার ছেলে। কয়েক বছর আগে তিনি ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের আলমিনা আক্তারকে বিয়ে করেন।
ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই রাকিবুল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে বিভিন্ন সময়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি ও তার পরিবারের সদস্যরা। মেয়ের সংসার টিকিয়ে রাখার আশায় ধারদেনা করে জামাতাকে চার লাখ টাকা দেন আলমিনার পরিবারের সদস্যরা। তবে তাতেও সন্তুষ্ট হননি রাকিবুল। বাকি এক লাখ টাকার জন্য প্রায়ই আলমিনাকে নির্যাতন করা হতো।
আলমিনার মা জানান, গত ৫ নভেম্বর রাতে রাকিবুলের মা রত্না বেগম ও বাবা দেলোয়ার হোসেনের উসকানিতে তাঁর মেয়ের হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পেটানো হয়। এতে আলমিনার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে রাকিবুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, ছেলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তারা আলাদা থাকেন। কী হয়েছে, তা তিনি জানেন না।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার শরীরে জখমের চিহ্নও পাওয়া গেছে। পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেফতার করা হয়েছে।
যে আই