দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু করেছেন। তিনি প্রতিটি বিষয়কে বিস্তারিত পর্যবেক্ষণ করছেন, যেন একটি প্রতিষ্ঠানের সিইও-এর মতো প্রশাসনিক কার্যক্রম মনিটর করা হয়। এ ধরনের পদ্ধতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘জনপ্রশাসনকে গত দেড় দশকের অধিক সময় ধরে দলীয়করণের কারণে দক্ষতা ও নিরপেক্ষতা হারাতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিমালা অনুযায়ী আমরা জনগণের জন্য একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তুলব। প্রশাসক নয়, তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে। আমরা বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। নির্বাচনের আগে পরিস্থিতি যেভাবে ছিল, নির্বাচনের পরে তা পুরোপুরি পরিবর্তিত হয়েছে। জনগণ আমাদের অকপটে ভোট দিয়েছে, যা সাংঘাতিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা বহন করে। আমরা সেই দায়বদ্ধতা মনে রেখে আগামি দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
লক্ষ্মীপুর সার্কিট হাউসে উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আহমেদ ফেরদৌস মানিক, জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এরপর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লক্ষ্মীপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সভাপতিত্ব করেন।
এমএস/