দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় তৌহিদুল ইসলাম নামে আট বছরের এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কৃষক আবু তুরাবের বসতঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ঘরেও। এ সময় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
দগ্ধ শিশু তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, ‘শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এমএস/