দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে একটি প্লাস্টিকের বক্স, যার মধ্যে ছিল ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম। খবর পেয়ে পুলিশ বক্সটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জানা যায়, কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭) মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাড়ির পশ্চিম পাশে পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় তারা নদীর মধ্যে নীল রঙের একটি বক্স দেখতে পান। কৌতূহলবশত বক্সটি খুলে তারা ভেতরে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কারের জন্য প্লাস্টিকের ক্লিনিং রড ও দুটি ব্রাশ দেখতে পান। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ‘CBC 32 AUTO’ লেখা ছিল।
শিশুরা বিষয়টি বুঝতে না পেরে বক্সটি বাড়িতে নিয়ে আসে। পরে তাদের মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় ফোন করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্সসহ সব গুলি ও সরঞ্জাম উদ্ধার করে।
শিশুদের মা মরিয়ম বেগম জানান, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা একটি মাঝারি আকারের বক্স নিয়ে বাড়িতে ফিরে আসে। কৌতূহলবশত বক্সটি খুলে তিনি ভেতরে পিস্তলের গুলি দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম. আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্সসহ ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করেছে। এসব কোথা থেকে এসেছে এবং কারা রেখেছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/