দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কথা উল্লেখ রয়েছে।
সাখাওয়াত হোসেন খান সাত খুন হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়াকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমি দলের কাছে কৃতজ্ঞ। বিগত দিনের ত্যাগের মূল্যায়ন করেছে দল। নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো। যানজট, হকার সমস্যা ও মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করবো। নগরবাসীকে সঙ্গে নিয়েই এ দায়িত্ব পালন করতে চাই।’
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিনবারের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সাখাওয়াত হোসেন খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এমএস/