দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শনিবার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভায় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাই তার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রয়োজনমতো দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। আসনের মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা হবে।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য করেছেন শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও অনেক ছেলে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপু বলেন, ভেদরগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা এখনও অনেক পিছিয়ে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সভা শুরুর আগে তিনি এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোবহান মুসি, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান ও অফিসার ইনচার্জ আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান ও আব্দুস সালাম সরদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়রা মনে করছেন, নবনির্বাচিত এমপির এ উদ্যোগ প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদার করবে এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনবে।
এমএস/