দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস এখনো সঠিকভাবে লেখা হয়নি এবং বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলগুলো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাস রচনা করেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।
পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনো জাতিগোষ্ঠী ভাষার জন্য জীবন দেয়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে দল ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করে ইতিহাস রচনা করে, বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ইতিহাসে কখনও কাউকে ‘দেবতা’ আবার কাউকে ‘ইবলিস’ হিসেবে উপস্থাপন করা হয়, মাঝখানের সাধারণ মানুষদের খুঁজে পাওয়া যায় না। সরকার এসেছে, সরকার গেছে; কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক।
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদ-এর কন্যা রুমিন ফারহানা বলেন, পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি। তার দাবি, ১৯৮০-এর দশক পর্যন্ত ইতিহাস ততটা দলীয়করণ বা বিকৃত করা হয়নি।
সে সময়ের সরকার ভাষা আন্দোলনে আমার বাবার মুখ্য চরিত্র হিসেবে যে ভূমিকা বা তার যে প্রাপ্য সম্মান, তা মুছে ফেলার চেষ্টা করেনি। কিন্তু ৮০-এর দশকের পর দলীয় সরকার হিসেবে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভাষা আন্দোলনের সত্যিকারের নায়কদের ছবি ধীরে ধীরে মুছে যেতে দেখেছি। যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বলেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ একটি নতুন রূপ পেয়েছে। আমি আশা করব, সেই বাংলাদেশে এ যাবত পর্যন্ত যাদের অবদান রয়েছে, তাদের সম্মান ও স্বীকৃতি ইতিহাসে থাকবে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভুঁইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও নাসির মুন্সি বক্তব্য দেন।
জে আই