দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর-২ আসনে নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করায় তাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে দলটি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের চৌরাঙ্গী এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেন বলেন, নির্বাচনের শুরু থেকেই জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা সহিংস আচরণ শুরু করে। নির্বাচনে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ জয়লাভ করার পর জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেনের বাড়িতে গিয়ে একসঙ্গে এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন এবং জামায়াতের নেতাকর্মীদের ওপর কোনো সহিংসতা হবে না বলে প্রতিশ্রুতি দেন। তবে বাস্তবে তার নেতাকর্মীরা সেই আশ্বাস মানছেন না বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের অভিযোগ, নির্বাচনের পর আরশীনগর এলাকায় প্রথমে তাদের কর্মী ইব্রাহিম খলিল এবং পরে মানিক বালার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা আফজাল বালা ও তার সমর্থকদের দায়ী করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াত কর্মী মানিক বালা অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত বৃহস্পতিবার নিজ অফিসে অবস্থানকালে আফজাল বালা ও তার লোকজন হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে অফিসে আটকে রেখে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। প্রশাসনকে জানালেও উলটো হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন মানিক বালা।
জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেন বলেন, আমরা সব সময় সহাবস্থান বজায় রাখতে চেয়েছি। কিন্তু সরকারদলীয় লোকজন তা মানছে না। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
জে আই