দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট-এ সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, প্রকৃত হতদরিদ্রদের সঠিকভাবে চিহ্নিত করাই সরকারের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে, যাতে সরকারি সহায়তা সরাসরি ও স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের কাছে পৌঁছায়।
উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি জানান, আসন্ন শুকনো মৌসুমে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশজুড়ে ব্যাপক খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি এ বছর সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।
রমজান ও ঈদ প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের ইফতার, সেহরি ও তারাবি যাতে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।
ঈদে নাড়ির টানে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।
এর আগে মন্ত্রী তিস্তা, মোস্তাফি ও মহেন্দ্রনগরসহ বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দলীয় আদর্শ বজায় রেখে জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে আই