দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজ-এর এক শিক্ষার্থী ছিনতাইকারীর ধাওয়ার মুখে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরও তার সন্ধান মেলেনি। নিখোঁজ নুরুল্লাহ শাওন (২৫) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা এবং তিনি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা-এর বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদ-এর চরে এ ঘটনা ঘটে।
শাওনের স্বজনদের ভাষ্য, বন্ধু রিফাতকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার পর সাতজন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা দাবি করে। টাকা না থাকায় এক পর্যায়ে রিফাতকে চড় মারলে শাওন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা গাছের ডাল দিয়ে দুজনকে মারধর শুরু করে।
এক পর্যায়ে প্রাণ বাঁচাতে দুজন দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিফাত নদীর দিকে গিয়ে দুই বালুশ্রমিকের সহায়তায় রক্ষা পান। শ্রমিকরা এক ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে শাওন নদীতে নেমেছিলেন নাকি অন্য দিকে দৌড়ে যান, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস রাতেই অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার তরুণ-উর-রশিদ বলেন, নদীতে ব্যাপক খোঁজাখুঁজির পরও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব জানান, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। শাওনের মা শাহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানান। ছাত্রনেতারাও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জে আই