দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় এক নেশাগ্রস্ত যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫) এবং তাদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল বিশ্বাসের দুই ছেলের মধ্যে একজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে একটি প্রাইভেটকার কেনার দাবি করেন, যাতে গাড়িটি ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু পরিবার থেকে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে শামসুল বিশ্বাস, তার স্ত্রী এবং আরেক ছেলে ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় চারজনই গুরুতর দগ্ধ হন।
প্রাথমিকভাবে তাদের স্থানীয় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার চেষ্টা হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, চারজনকেই হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা ও দগ্ধের মাত্রা নির্ধারণের প্রক্রিয়া চলছে।
জে আই