দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ২০–২৫ জনের মতো পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সেখানে কয়েকজনকে দলীয় স্লোগান দিতেও শোনা যায়।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ অন্যরা।
এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘ ১৭–১৮ মাস ধরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
তিনি বলেন, এই পতাকা উত্তোলন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।
আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে নতুন গতি আনার কথা জানান তিনি।
জে আই