দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফারুক (৪২) ও বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) নিহত হন। ফারুক দাউদকান্দি থানার বাহাদুরখোলা গ্রামের বাসিন্দা এবং মিজানুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তবে বাসে থাকা অন্তত পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।
দাউদকান্দি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই