দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় জনবসতিপূর্ণ এলাকা থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সময়মতো বোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের সম্পদের মুদি দোকানের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বিশেষ কৌশলে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশে দোকানের কাছে একটি সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। বিষয়টি জানানো হলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, পাঁচটি পেট্রোল বোমা সক্রিয় অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব বোমা সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। সিরাজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাল ভোট, তার আগের দিন বোমা উদ্ধার হওয়ায় ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
এমএস/