দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে প্রার্থীরা দিন-রাত সমানতালে গণসংযোগ, সভা ও পথসভায় ব্যস্ত সময় পার করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭ হাজার ২২ জন এবং নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন।
আসনভিত্তিক হিসাবে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ৫ লাখ ৭ হাজার ২০৯ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৩ লাখ ৩৭ হাজার ২৭৩ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৩ লাখ ৬১ হাজার ৪৪ জন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টি, ঠাকুরগাঁও-২ আসনের ১০৪টির মধ্যে ৪৬টি এবং ঠাকুরগাঁও-৩ আসনের ১২৮টির মধ্যে ৬৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজার এলাকার ভোটার নুরুল হক বলেন, আগের নির্বাচনগুলোতে সহিংসতা দেখা গেছে। আমরা আর তা চাই না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে ভোট হোক।
জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর এবং সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জে আই