দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা।
নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত নারী ৪০ থেকে ৫০ বছর বয়সী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোগীর গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরদিন ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, আজ আইইডিসিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
তিনি আরও জানান, পারিবারিক সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।
সিভিল সার্জন বলেন, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড় খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে রস পান করার সময় তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে ভাইরাস রসে মিশে যেতে পারে। সেই কাঁচা খেজুরের রস পান করলে মানুষ সরাসরি নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।
জে আই