দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রাথমিকভাবে এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে করম আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে কাপড়, মুদি সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য, ফার্মেসির ওষুধসহ দোকানগুলোতে থাকা নগদ অর্থ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে রাসেল মৃধার মুদি দোকান, শপন হাওলাদারের ফার্মেসিসহ জাহিদ খান, আবুল হাওলাদার, গনী হাজী, খোকন শরীফ, সোলেম গাজী ও রিপন হাওলাদারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের সম্মিলিতভাবে এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
মুদি দোকানের মালিক রাসেল মৃধা বলেন, ব্যাংক ঋণ নিয়ে ব্যাবসা করছিলাম। আগুনে আমার দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন আমি একেবারেই নিঃস্ব।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা প্রদান করা হবে।
জে আই