দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নারীসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানকালে দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
এ সময় মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়। তিনি শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা।
অপরদিকে একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডামুড্যা এলাকায় পৃথক অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই