দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান অভিযোগ করেছেন, যাদেরকে বাংলাদেশের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, তাদের লোকজন দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিল তৈরি করছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। কিন্তু শুরুটাই করছে অনৈতিক কাজ দিয়ে। মানুষের ভোটকে প্রভাবিত করার জন্য তারা অনৈতিক পদ্ধতি অবলম্বন করছে।
তিনি আরও বলেন, মা-বোনদের অপমান করার পর তারা আবার বলছে, তারা এ কাজ করেনি। তারা দাবি করছে তাদের আইডি হ্যাক হয়েছিল।
অথচ বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। ধরা পড়ার পর তারা একের পর এক মিথ্যা কথা বলা শুরু করেছে।
এর আগে বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে যান। বেলা ১২টা ২৭ মিনিটে তিনি জনসভার মঞ্চে উপস্থিত হন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরীতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদার করা হয় বেলস পার্ক ও আশপাশের এলাকায়।
তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই বেলস পার্ক ও পার্শ্ববর্তী এলাকায় বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন।
উল্লেখ, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন এবং বরিশাল জিলা স্কুল মাঠে একটি জনসভায় বক্তব্য দেন। দীর্ঘ বিরতি শেষে এবার তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে বরিশালে সফর করেন।
জে আই