দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংস্কারে বিশ্বাসী বলেই বিএনপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদ।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপিতে সদ্য যোগ দেওয়া এই নেতা নিজ এলাকায় বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আমি সংস্কারে বিশ্বাস করি বলেই বিএনপিতে যোগ দিয়েছি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে স্বাধীনতাবিরোধী শক্তি কখনোই দেশের কল্যাণ চায়নি। তারা বাংলাদেশকে মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, তারেক রহমানকে বিজয়ী করে দেশের জনগণ এই অপশক্তিকে রুখে দেবে।
আসন্ন সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান পিপিএমসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জে আই