দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় চলন্ত পিক-আপ থেকে এক ডেলিভারিম্যানকে ফেলে দিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ব্যাটারি লুটের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ৪২৪টি ব্যাটারি, ডাকাতিতে ব্যবহৃত একটি পিক-আপ এবং ব্যাটারি বিক্রির নগদ ২০ হাজার টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজানগর গ্রামের লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এবং কুমিল্লার তিতাস থানার কালাইগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিঅজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৬০টি লিড এসিড ব্যাটারি ও ৬৩ পিস টি-শার্ট নিয়ে একটি পিক-আপ (ঢাকা মেট্রো-ট ১৩-৪৬২০) ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
পথে রাত আনুমানিক ৪টার সময় ভালুকা থানাধীন হবিরবাড়ি সিডস্টোর এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্প কানন ফিলিং স্টেশনের সামনে পিক-আপটি থামানো হয়। এ সময় চালক লোকমান ওরফে সাগর ও তার দুই সহযোগী গাড়িতে থাকা ফ্যাক্টরির ডেলিভারিম্যান মো. রুবেল হাওলাদারকে অতর্কিতভাবে মারধর করে। একপর্যায়ে তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে মহাসড়কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মালামালসহ পিক-আপটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। গত ২৯ জানুয়ারি রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মূল আসামি লোকমান ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে অপর আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।
অভিযান অব্যাহত রেখে ৩০ জানুয়ারি ঢাকার খিলক্ষেত এলাকার বালুরঘাট থেকে ডাকাতিতে ব্যবহৃত পিক-আপটি উদ্ধার করা হয়। একই রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার একটি বাসা থেকে লুণ্ঠিত ২০৩ কার্টুনে থাকা ৪২৪টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ব্যাটারির বর্তমান বাজারমূল্য প্রায় ২৯ লাখ ১৮ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার প্রধান আসামি লোকমান ওরফে সাগর একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এর আগে ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় দস্যুতা মামলা (মামলা নং-৩৯) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই