দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলার স্বেচ্ছাসেবক দলের ৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ জারি করা হয়।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা রহিম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, মোহাম্মদ জামাল খান, সদস্য সর্ণকুমার শীল, পাটুরিয়া ঘাট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কবির হোসেন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন ও মিজানুর রহমান, এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রজ্জব আলী ও আব্দুল মজিদ।
কারণ দর্শানো নোটিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও অভিযুক্ত নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এস এ জিন্নাহ কবীরের পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে দল থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজার পক্ষে নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন—এমন লিখিত অভিযোগ পাওয়া গেছে।
এ প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. রকিবুর রহমান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলের বরাবর সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত মোতাবেক এবং মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের নির্দেশক্রমে এ নোটিশে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাঈদুর রহমানকে জানান, দলীয় পদবি ব্যবহার করে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ