দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে যখন শহরজুড়ে স্বাভাবিক কার্যক্রম চলছিল, ঠিক তখন হঠাৎ জেলা ও দায়রা জজের বাসভবনের সীমানা প্রাচীরের বাইরে থেকে বাসভবনের ভেতরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ করে। পরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। বিচারকের বাসভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নির্বাচনকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই এমন ধরনের ঘটনা ঘটানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে।’
/অ