দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর-৫ আসনে (ফুলবাড়ী–পার্বতীপুর) নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে এবার ভোটাররা তাকিয়ে আছেন প্রার্থীদের প্রতিশ্রুতির দিকে।
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ২২০ জন। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় ভোটার ৩ লাখ ১৪ হাজার ৭১০ জন—পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৩৪ জন এবং মহিলা ১ লাখ ৫৭ হাজার ৫৭৪ জন।
অন্যদিকে ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫১০ জন—পুরুষ ৭৭ হাজার ৮৯৬ জন এবং মহিলা ৭৮ হাজার ৬১৩ জন।
রাজনৈতিক ইতিহাসে আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯৬ সালে বিএনপি থেকে এ জেড এম রেজাউনুল হক সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে ১৯৯১ সাল থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজার এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে বদলেছে রাজনৈতিক সমীকরণ। সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজাউনুল হক এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। এছাড়াও ১০ দল মনোনীত জেলার একমাত্র এনসিপি প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ শাপলা কলি প্রতীকে, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল গফুর নাঙ্গল প্রতীকে, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া বাচ্চু কলস প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল হরিণ প্রতীকে এবং প্রভাষক রোস্তম আলী মোটরসাইকেল প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। পার্বতীপুর রেলওয়ে জংশন আজও ব্রিটিশ আমলের কাঠামোতেই রয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
তারা জানান, রাস্তা-ঘাট, ড্রেন ও কালভার্ট উন্নয়নের যে প্রতিশ্রুতি দেবে, ভোটাররা তাকেই সমর্থন দেবেন।
এই আসনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পার্বতীপুর রেলওয়ে জংশন, লোকোমোটিভ করখানা, দেশের একমাত্র বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি।
তবে স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যান্য রেলওয়ে জংশনে আধুনিকতার ছোঁয়া লাগলেও পার্বতীপুর এখনও অবহেলিতই রয়ে গেছে।
নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি। এরই মধ্যে প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার।
উন্নয়ন বঞ্চনার অভিযোগ আর নানা প্রতিশ্রুতির হিসাব—সব মিলিয়ে দিনাজপুর-৫ আসনে এবার ভোটের লড়াই বেশ জমে উঠেছে। শেষ পর্যন্ত কার প্রতিশ্রুতিতে আস্থা রাখবেন ভোটাররা, সেটাই এখন দেখার অপেক্ষা।
এবি/