দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডক্টর মুহাম্মদ ইউনুসের গঠন করা রাজনৈতিক দল এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, একটি ছোট্ট দল, যার নাম এনসিপি যেটি প্রফেসর ইউনুস সাহেব বানিয়েছেন। আগামী নির্বাচনে তারা একটি আসনও পাবে না। বাংলাদেশের জনগণ তাদের কোনো ভোট দেবে না। বিষয়টি বুঝেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং মানুষকে ভুল বুঝিয়ে মাঠে নামানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই পরিকল্পনা কখনোই সফল হবে না। যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, আগামী নির্বাচনে বিএনপিকে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। একটি দল সাধারণ ভোটারদের বলে বেড়াচ্ছে, ফুলকপিতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। অথচ আল্লাহর ইবাদত ও সৎকর্ম ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে একটি জাতীয় ভোট, আরেকটি হ্যাঁ ও না ভোট। আপনারা হ্যাঁ ভোট দিয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন।
ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর হাফিজ আরও বলেন, ১২ তারিখে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমি এমপি নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদককে কঠোর হাতে দমন করবো।
তিনি অভিযোগ করে বলেন, দেশের একটি দল দিনের ভোট রাতে করে মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করে ভারত পাঠিয়ে দিয়েছে। এখন তারা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান ছাফা পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ হাসান মিরাজ, আয়কর আইনজীবী মাইনুল আহাদ বাইজিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সভা চলাকালীন চেয়ারে বসা নিয়ে সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
জে আই