দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় মাহমুদ হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হোসেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই। ছাত্রজীবনে তিনি ভান্ডারিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০২৩ সালে ঢাকায় বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সক্রিয় যোগাযোগ গড়ে তোলেন এবং এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন।
বিএনপি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহমুদ হোসেন। তবে দল ওই আসনে প্রয়াত সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের অনুকূলে ‘ঘোড়া’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে মাহমুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করেও তিনি ব্যর্থ হন। সর্বশেষ উচ্চ আদালতে রিট করলে আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
বিএনপি সূত্র আরও জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ