দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে অভিযান চালানো হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়, ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপগান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮০টি দেশীয় সাউন্ড বোমা।
এছাড়াও বিপুল পরিমাণ মাদক ও মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে, ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১ দশমিক ৩ কেজি গাঁজা, ৪৭১ পিস ইয়াবা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জে আই