দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেঘনা নদীতে ১০ দিন আগে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌ-পুলিশ।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, হিজলা উপজেলার পালপাড়া এলাকার সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে নয়ন ব্যাপারী (১৯) এবং বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)। এ ঘটনায় এখনো হিজলার পালপাড়া গ্রামের মনির সিকদারের ছেলে শাহীন সিকদার (১৮) নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে স্বজনরা মেঘনা নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
হিজলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, গত ১০ জানুয়ারি পাঁচ তরুণ জেলে ইঞ্জিনচালিত নৌকায় করে মেঘনা নদীর লাল বয়া এলাকায় মাছ শিকারে যান। মাছ ধরার জাল ফেলে তারা নৌকাতেই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে নৌকার ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যেতে শুরু করলে বিষয়টি টের পান তারা। পরে সবাই সাঁতরে তীরের দিকে রওনা দেন।
তিনি আরও জানান, শামীম দিদার নামে একজন জেলে সাঁতরে মেহেন্দিগঞ্জ উপজেলার মীরের খাল এলাকায় পৌঁছাতে সক্ষম হলে একটি নৌকা তাকে উদ্ধার করে। তবে ঘন কুয়াশা ও নদীর তীব্র স্রোতের কারণে অন্য জেলেদের খোঁজ পাওয়া যায়নি।
নৌ-পুলিশের ধারণা, তীব্র শীত ও নদীর স্রোতের কারণে পানিতে ডুবে ওই জেলেরা মারা যান। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় শাহীন মীর ও আরিফ সিকদারের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার মীরা বাজার এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় নয়ন ব্যাপারীর মরদেহ পাওয়া যায়। পরে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
জে আই