দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে তীব্র শীত নিবারণের জন্য খড়কুটো দিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাজমা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা ওয়াহেদ আকন্দের স্ত্রী।
স্বজনদের বরাতে জানা যায়, গত সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শীত থেকে বাঁচতে বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন নাজমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, আগুনে দগ্ধ হয়ে নাজমা বেগম নামের এক নারী মারা গেছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জে আই