দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবারও প্রবাসে পাড়ি জমানোর কথা ছিল কাশেম মোল্লার (৩২)। কিন্তু শখের বসে ইজিবাইক চালানোই তার জন্য কাল হয়ে দাঁড়াল। নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ খালে পড়ে প্রাণ হারিয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম মোল্লা ওই গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।
নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, মঙ্গলবার সকালে কাশেম শখের বসে ভাইয়ের ইজিবাইকটি নিয়ে নিজে চালিয়ে ঘুরতে বের হন। বাড়ির অদূরে ইজিবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায়। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদ্য বিদেশ ফেরত যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশুতিয়া গ্রামের আকাশ-বাতাস। শখের বশেই যে এমন সর্বনাশ হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ খালে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
/অ