দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহযোগিতার আশ্বাস দিয়ে এক গৃহবধূকে হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারী ও পুলিশ জানায়, ভুক্তভোগী দম্পতি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় গৃহবধূর নানাবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার কথা বিবেচনায় তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় হাসপাতালের গেটে নাইট ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ দম্পতিকে সহযোগিতার আশ্বাস দেন। পরে তারা গৃহবধূকে হাসপাতালের ১০ তলা ভবনের ভেতরে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই দুই আনসার সদস্য গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারী তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়।
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
আরএ