দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
রোববার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে ডেল্টা জেনারেল হাসপাতালে নিপা ঘোষের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনটি করেন গাইনি বিশেষজ্ঞ ডা. সঞ্চিতা এবং অ্যানেস্থেসিয়া প্রদান করেন ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর নিপার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই নিপা ঘোষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে জানা গেছে। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই