দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ি নির্মাণের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। সন্দেহজনক বস্তু দেখে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাতব বস্তু দুটি হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে যৌথ বাহিনীকে জানানো হলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে নিরাপদভাবে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। হঠাৎ মাটির নিচে বস্তু দুটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে পুলিশকে খবর দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বাসসকে জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধার করা গ্রেনেড দুটি বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জে আই