দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তঃনগর ‘এগারো সিন্ধু প্রভাতী’ ট্রেনের দুটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পেরেছেন ট্রেনের কয়েকশ যাত্রী।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে টঙ্গি-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হন। তবে রেলওয়ের সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর বিচ্ছিন্ন হওয়া দুটি বগিকে পুনরায় মূল ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়।
আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এগারো সিন্ধু প্রভাতি’ এক্সপ্রেস ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। পরে ট্রেনের পেছনের ‘গ’ ও ‘ঘ’ নামক দুটি বগির সংযোগস্থলের হুক (কাপলিং) খুলে যায়। ফলে দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনে পড়ে থাকে। তবে চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন, যার কারণে বড় ধরনের দুর্ঘটনা রোধ হয়।
তিনি আরও জানান, টঙ্গী-ভৈরব রেললাইনটি ডাবল লাইন হওয়ায় দুর্ঘটনার পরও ট্রেন চলাচলে কোনো বড় বিঘ্ন ঘটেনি। বিকল্প লাইনের মাধ্যমে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল, ফলে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি এবং শিডিউলও ব্যাহত হয়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগস্থলের হুকটি আলগা হয়ে গিয়েছিল। রেলওয়ে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রক্ষণাবেক্ষণের ওপর আরও জোর দেবে বলে জানানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
জে আই