দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহতের অভিযোগ উঠেছে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেবার পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন।
আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি (২৮)। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত সেনা সদস্য স্বামী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন নার্স ডলি। ডিউটি শেষ হবার একটু আগে সকাল পৌনে ৮টার দিকে স্বামী সেনা সদস্য আমিরুল এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে আমিরুল ছুঁরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত নার্স ডলিকে সেলাই শেষে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনার বিচার হওয়া উচিত বলেও জানান তিনি।
চাটমোহর থানার ওসি মো. গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্বামী স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই সেনা সদস্য স্বামীর সঙ্গে আহত নার্সের সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই কলহ চলছিল। এরই অংশ আজকের ঘটনা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরএ