দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বক ক্ষমতায় থাকার চেষ্টা করেননি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে আলোকবালী ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জনগণের রায় মেনে বিরোধীদলীয় নেত্রীর ভূমিকাও পালন করেছেন। তিনি ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমরা বলছি, ‘উই হ্যাভ আ প্ল্যান’। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে এবং চরাঞ্চলের উন্নয়ন কীভাবে করা যায় সে পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।
আলোকবালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনি ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জে আই