দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রায়হান কবির নামে এক বিএনপি নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিজ দলের কর্মী-সমর্থকরাই তার দুই পা কুপিয়ে গুরুতর জখম করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে সিংড়া উপজেলার বিল তাজপুর ডুবন্ত সড়কে রায়হান কবিরের পথরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
পরে স্থানীয় ভ্যানচালক আরিফ তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
আহত রায়হান কবির সিংড়া উপজেলার ইতালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী বলে জানা গেছে।
আহত রায়হান কবিরের বড় ভাই আব্দুল করিম অভিযোগ করে বলেন, আমার ভাই ধানের শীষের পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তার ওপর এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান ওরফে সোহানের নেতৃত্বে রহিদুল, আওয়াল, ফরহাদসহ কয়েকজন এই হামলায় জড়িত। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আহত রায়হান কবিরও দাবি করেন, হামলাকারীরা সবাই ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সমর্থক।
তবে অভিযুক্ত সোহানুর রহমান ওরফে সোহান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনার সময় গ্রামেই ছিলাম না। এটি পারিবারিক দ্বন্দ্ব থেকে ঘটেছে। প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে আমাকে জড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, বিএনপির একনিষ্ঠ কর্মীর ওপর এ ধরনের বর্বর হামলা দুঃখজনক। যেখানে এখনো ভোটের প্রচারণা শুরু হয়নি, সেখানে একজন কর্মীর দুই পা কুপিয়ে জখম করা মেনে নেওয়া যায় না।
অন্যদিকে, নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার কোনো ছাড় নেই। এই ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী লোমানী জানান, আহত ব্যক্তির দুই পায়ে ওপেন ফ্র্যাকচার রয়েছে এবং তার অবস্থা গুরুতর।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুর নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই