দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলার সন্ত্রাসকবলিত ভাঁড়ারা ইউনিয়নে ধারাবাহিক গরু ও ছাগল চুরির ঘটনায় কৃষক ও খামারিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক। এ পরিস্থিতির প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী এলাকার সর্বস্তরের জনগণ সড়কে নেমে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) দুপুরে কোলাদী চারাবটতলা, বড় বটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত কয়েক হাজার এলাকাবাসী এই কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন দাবি ও প্রতিবাদী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে তারা পাবনা–সুজানগর সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে গত দেড় বছরে এলাকায় অন্তত ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, চোরদের বিষয়ে একাধিকবার প্রমাণ উপস্থাপন করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এলাকার কিছু প্রভাবশালী মহলের মদদে বাইরে থেকে চোর চক্র এনে এসব অপকর্ম সংঘটিত করা হচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এ ধরনের অপরাধ বেড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাস্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহিল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোস্তাফিজুর রহমান জিসানসহ আরও অনেকে।
বক্তারা দ্রুত চোর চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার, এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং কৃষকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
জে আই