দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক ও চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশ রোধ করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একার পক্ষে সম্ভব নয় এ জন্য জনগণের সহযোগিতা ও ব্যাপক জনসচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়নের চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২৫ বিজিবির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও মাদক-চোরাচালান বিরোধী জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। সেই লক্ষ্য সামনে রেখে বিজিবি সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে একটি নিরাপদ ও শান্ত সীমান্ত নিশ্চিত করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ আরও বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা এবং স্কুল-কলেজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ বিজিবির সহকারী পরিচালক মো. নুরুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন চাউরা কবি সানাউল হক কলেজের প্রিন্সিপাল মো. আহসান আহমেদ এবং চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে বিজিবি অধিনায়ক বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
পরে অনুষ্ঠানের শেষ পর্বে ওই এলাকার প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জে আই